১৯ ও ২০ ডিসেম্বর জাবিতে অর্থনীতি বিষয়ক সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, জাবি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'আকাঙ্ক্ষা, অর্জন ও প্রতিবন্ধকতা' শিরোনামে দুই দিনব্যাপী সম্মেলন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, 'দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে সকল নাগরিকের এটা পর্যালোচনা করা দরকার যে আমাদের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও অর্জন কতটুকু। পাশাপাশি আমাদের প্রতিবন্ধকতাগুলো কী কী। এটা শুধু অর্থনীতির ক্ষেত্রে নয়, অন্যান্য সকল ক্ষেত্রের জন্য পর্যালোচনা দরকারে। দেশের স্বাধীনতা, আমাদের বিশ্ববিদ্যালয় এবং এখানকার অর্থনীতি বিভাগ ৩টিই ৫০ বছরে উপনীত হয়েছে। তাই আমরা চাই এর একটা সঠিক পর্যালোচনা হোক।'

দুদিন ব্যাপী এ সম্মেলনে দেশ শিক্ষাবিদ, অর্থনীতিবিদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের গবেষকরা তাদের নিবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যুক্ত থাকবেন জাবি অধ্যাপক ফারজানা ইসলাম, জাবির সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল বায়েস, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানসহ অন্যরা।