২৭ নভেম্বর খুলবে চমেক, ৩০ শিক্ষার্থী বহিষ্কার
ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে ২৮ দিন বন্ধ থাকার পর আগামী ২৭ নভেম্বর খুলবে চট্টগ্রাম মেডিকেল কলেজ।
আজ মঙ্গলবার কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার কারণে ৩০ শির্ক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে একাডেমিক কাউন্সিল।
তাদের মধ্যে ৮ শিক্ষার্থীকে ২ বছরের জন্য, ২ শিক্ষার্থীকে দেড় বছরের জন্য এবং ২০ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার।
এ ছাড়া, গত ৩০ অক্টোবর কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্তে একজন ইন্টার্ন চিকিৎসকের জড়িত থাকারও প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
অধ্যক্ষ জানান, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, 'আগামী ২৬ নভেম্বর থেকে ছাত্রীদের হলগুলো খুলে দেওয়া হবে। তবে, ছাত্রদের হলগুলো বন্ধ থাকবে।'
ছাত্রদের হলগুলোতে সবার সিটের বরাদ্দ বাতিল করা হয়েছে। তাদের সিট বরাদ্দ পাওয়ার জন্য নতুন করে আবেদন করতে হবে বলেও জানান তিনি।