৩ দিন বিদ্যুৎবিহীন কুবির ৪ হল, শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হলে গত বুধবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় প্রতিবাদে আজ বিকেলে উপাচার্যের বাস ভবনের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

এ সময় উপাচার্যের বাস ভবনের ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে তারা।

বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে বিদ্যুৎ থাকলেও গত বুধবার থেকে বিদ্যুৎ নেই বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল, কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ ধীরেন্দ্রনাথ হলে। এতে পানি সংকট, পড়াশোনার ব্যাঘাত, ঘুমের সমস্যা ও মশার কামড়ে অতিষ্ঠ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরীফ বলেন, 'বিদ্যুৎ নেই গত ৩ দিন। গোসল করতে গেলে পানি থাকে না, ঘুমাতে পারি না মশার কামড় ও গরমের কারণে। এই সমস্যার দ্রুত সমাধান না হলে আমাদের পরীক্ষার প্রিপারেশন নেওয়া হবে না, এসাইনমেন্ট বা কোনো কিছুই জমা দিতে পারব না।'

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের বিদ্যুৎ বিভাগ এ বিদ্যুৎ বিভ্রাটের কারণ এখনো খুঁজে বের করতে পারেনি। এ ব্যাপারে কোনো ব্যবস্থাও নেয়া হয়নি।

জানতে চাইলে প্রকৌশল দপ্তরের নিরবাহী প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বিষয়টি ইলেকট্রিক্যাল বিভাগের আওতায়, তাই তারা এ বিষয়ে বলতে পারবেন।

ইলেক্ট্রিক্যাল বিভাগের প্রকৌশলী জাকির হোসেনকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা খুবই ভয়াবহ ব্যাপার। আমি আমাদের যোগাযোগ করেছি। ইলেকট্রিক্যাল বিভাগকে বলেছি দরকার হলে পিডিবির সাহায্য নিয়েও যাতে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়।'