৯ অক্টোবর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়, সশরীরে ক্লাস ২০ অক্টোবর
দীর্ঘ ১৭ মাস পর খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়। আগামী ৯ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার থেকেই শিক্ষার্থীদের জন্য গ্রন্থাগার খুলে দেওয়া হবে। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৫৩তম সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়াসহ অনেকে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ৯ অক্টোবর সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে হলগুলো খুলে দেওয়া হবে। অন্তত এক ডোজ টিকা নিয়েছেন যেসব শিক্ষার্থী তারা হলে উঠতে পারবেন। আপাতত গণরুম থাকবে না। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে আবাসিক হল খোলার বিষয়ে একাডেমিক কাউন্সিলের ১২১তম জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক ৮টি হল খোলা ও যথারীতি ক্লাস চালুর বিষয়ে বিস্তর আলোচনা হয়েছিল।