খুবি উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা শুরু
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পর্বের ভর্তি পরীক্ষা সশরীরে শুরু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও খুলনার আরও তিনটি পৃথক স্থানে অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে নিচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ প্রথম দিন খুবি ক্যাম্পাসে ৫ হাজার ২০০ জন, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজে ১ হাজার ৮১৮ জন, রেভারেন্ড পলস্ হাইস্কুলে ১ হাজার ৫১২ জন ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে ৩৯২ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। মোট ৮ হাজার ৯২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
আগামী ২ অক্টোবর 'খ' ইউনিট, ৯ অক্টোবর 'চ' ইউনিট, ২২ অক্টোবর 'গ' ইউনিট এবং ২৩ অক্টোবর 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষা এ সব প্রতিষ্ঠানগুলোতে নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় হল বন্ধ থাকায় এবং হোটেল গুলোতে রুম খালি না থাকায় ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা সমস্যায় পড়তে হয়েছে।
আবুল বরকত নামে একজন অভিভাবক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার ফলে সময় ও অর্থ সেভ হয়েছে। এটি একটি ভালো সিদ্ধান্ত।
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ও উপকেন্দ্রের ফোকাল পয়েন্ট অধ্যাপক মো. মনিরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।'