তিস্তায় ধসে গেছে বাঁধের ব্লক-পিচিং, ভাঙন ঝুঁকিতে শতাধিক ঘর-বাড়ি
উজানের ঢলে রংপুরের গংগাচড়া উপজেলায় তিস্তা নদীর ডান তীর রক্ষা বাঁধের ব্লক-পিচিং ধসে গেছে। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের সাউদপাড়ার শতাধিক ঘর-বাড়ি।
আজ রোববার দুপুরে সাউদপাড়া ইসলামিয়া বহুমুখী আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদুল হক আনসারী দ্য ডেইলি স্টারকে বলেন, দ্রুত ভাঙন ঠেকানো না গেলে মাদ্রাসাসহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যাবে।
একই এলাকার বাসিন্দা আলিফ উদ্দিন জানান, ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তাদের। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর থেকে লালমনিরহাটের তুষভাণ্ডার যাওয়া সড়কের ৫০ মিটার ভেঙে গেছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শহিদুর রহমান ডেইলি স্টারকে বলেন, উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙন ঠেকাতে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে ইতোমধ্যে প্রায় ৩০০ জিও ব্যাগ ফেলা হয়েছে। আরও এক হাজার জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ফেলা সম্ভব হলে ভাঙন ঠেকানো যাবে। বিনবিনা-তুষভাণ্ডার সড়কেও জিও ব্যাগ ফেলার কার্যক্রম অব্যাহত রয়েছে।