ফরিদপুরে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে ঘটনাস্থলেই মো. রাকিবুল ইসলামের (২৫) মৃত্যু হয়। রাকিবুল গোপালপুর গ্রামের মো. ছিরু মাতুব্বরের ছেলে।

তিনি সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক শ্রেণিতে পড়াশোনা করতেন। পাশাপাশি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

রাকিবুরের চাচা আজিজুল মাতুব্বর জানান, সকালে রাকিবুল গোয়াল ঘর থেকে গরু এনে খাবার দেওয়ার জন্য বাড়ির উঠানে বাঁধছিল। সে সময় বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে রাকিবুল মারা যায়। গরুটিও মারা যায়।

খায়রুজ্জামান বাবু আরও জানান, এ ঘটনায় সালথা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।