বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের বড়ো বান্দ নামক হাওর এবং খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়ার হাওরে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের কৃষক আলমগীর মিয়া (২৬),  ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারি মহল্লার আক্কেল আলীর ছেলে মোহাম্মদ হোসাইন (১২) ও একই ইউনিয়নের জাতিকর্ণপাড়ার আব্দুর রহমান মিয়ার মেয়ে ঝুমা বেগম (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকালে এড়ালিয়া গ্রামে ধানের খলা থেকে ধান সংগ্রহ করতে গেলে কৃষক আলমগীর মিয়া বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একই সময়ে হাওরে ঘাস কাটতে যায় মোহাম্মদ হোসাইন। তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এসময় বজ্রপাত হলে মোহাম্মদ হোসাইন ঘটনাস্থলে নিহত হন। এদিকে একই সময়ে বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকাবস্থায় বজ্রপাতের আঘাতে মারা যান ঝুমা বেগম।