শক্তি হারিয়েছে অশনি, বাংলাদেশে আঘাতের সম্ভাবনা নেই
বাংলাদেশে ঘূর্ণিঝড় 'অশনি' আঘাত হানার আর কোনো সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক ছানাউল হক মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের ১৬ নং বুলেটিনে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'অশনি' উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ উপকূল ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর অবস্থান করছে। অশনি আজ সকাল ৬ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তরপশ্চিম বা উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জি ২৪ ঘণ্টার প্রতিবেদনে জানানো হয়েছে, অশনি অন্ধ্রপ্রদেশের মছিলপত্তনমের প্রায় কাছাকাছি অবস্থান করছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে অশনি বাঁক নেবে উত্তর-পূর্ব দিকে। অন্ধ্রপ্রদেশ হয়ে ওড়িশা উপকূল এবং তারপর বাংলার উপকূলের কাছাকাছি সমুদ্র পৃষ্ঠ দিয়ে সমান্তরাল ভাবে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়।
ভারতে বৃহস্পতিবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হবে অশনি। বর্তমানে ঘণ্টায় ৬ কিলোমিটারের থেকে গতিবেগ দ্বিগুণ হয়েছে। এখন ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছে অশনি। পশ্চিমবঙ্গ উপকূলে প্রভাব পড়বে আজ বিকেলে বা সন্ধ্যায়। তবে সেই প্রভাব সীমাবদ্ধ থাকবে। উপকূলে বিক্ষিপ্তভাবে ভারী ও সাধারণ ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে।



