এলপিজির দাম কেজিতে ১ টাকা বাড়লো

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। প্রতি কেজিতে এক টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ২৪২ থেকে এক হাজার ২৫৪ টাকা করা হয়েছে। অর্থাৎ, প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ১২ টাকা।

আজ রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

গত বছরের এপ্রিলে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে একবার করে দাম সমন্বয় করা হচ্ছে।