আলবুখারী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সনদ তুলে দিলেন চ্যান্সেলর প্রফেসর ইউনূস

স্টার অনলাইন রিপোর্ট

নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রী সনদ প্রদান করেছেন।

প্রফেসর ইউনূস মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলর সেতারে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর।

২০২২ সালের ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়টির জাঁকজমকপূর্ণ কনভোকেশন হলে আয়োজিত এই ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষার ব্যয়ভার বহনে অসমর্থ শিক্ষার্থীদের ভর্তি করে থাকে এই বিশ্ববিদ্যালয়। তাদের ভ্রমণ খরচসহ যাবতীয় খরচ বহন করে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়টি একটি 'ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার' প্রতিষ্ঠা করেছে, যা প্রফেসর ইউনূস প্রস্তাবিত 'তিন শূন্য'র পৃথিবী বাস্তবায়নে 'থ্রি-জিরো ক্লাব' প্রতিষ্ঠায় উৎসাহ ও সহযোগিতা দিয়ে থাকে।

এই বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী বিদেশি। মালয়েশিয়ার প্রখ্যাত আলবুখারী ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে।

প্রফেসর ইউনূস তার সমাবর্তন ভাষণে মুনাফা সর্বোচ্চকরণের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বর্তমান সভ্যতা আমাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার আগেই 'তিন শূন্য'ভিত্তিক একটি নতুন সভ্যতা তৈরি করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, 'একটি নতুন সভ্যতা সৃষ্টির সময় দ্রুত ফুরিয়ে আসছে। বিশ্বকে রক্ষা করতে হলে আমাদেরকে এখনই কাজে নেমে পড়তে হবে।'

বিশ্ববিদ্যালয়টিতে স্থাপিত ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার সকল অনুষদে সামাজিক ব্যবসার ওপর শিক্ষাদান করে যাচ্ছে। শিক্ষার্থীরা এরই মধ্যে ১০টি থ্রি-জিরো ক্লাব তৈরি করেছে এবং আরও কয়েকটি নতুন থ্রি-জিরো ক্লাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।