রাজকে না পেলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত: পরীমনি

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

স্বামী শরিফুল রাজ অভিনীত 'পরাণ' সিনেমা ব্যবসাসফল হওয়ায় ভীষণ উচ্ছ্বসিত চিত্রনায়িকা পরীমনি। আগামীকাল শুক্রবার রাজসহ হলে গিয়ে সিনেমাটি দেখবেন তিনি।

গতকাল সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে 'পরাণ' সিনেমা, পারিবারিক জীবনসহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন পরীমনি।

fb_img_1657429155099.jpg
ছবি: সংগৃহীত

দ্য ডেইলি স্টার: কেমন আছেন?

পরীমনি: সবার ভালোবাসা, আশীর্বাদ ও দোয়ায় বেশ ভালো আছি। অবশ্য আরেকটি কারণেও খুব ভালো আছি। সেজন্য বেশ খুশি ও উচ্ছ্বসিত আমি।

porimoni_TDS.jpg
পরীমনি। ছবি: স্টার

ডেইলি স্টার: বিশেষ কারণটা কী?

পরীমনি: রাজের 'পরাণ' সিনেমা হিট হয়েছে। এবারের ঈদের সফল সিনেমা 'পরাণ'। রাজ, মীম, ইয়াশসহ আরও অনেকে এতে অভিনয় করেছেন। এই সিনেমার শো সংখ্যা বাড়ছে। হল সংখ্যা বাড়ছে। রাজের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। অনেকেই বলছেন, রাজ ফাটাফাটি অভিনয় করেছে। আমাকে ফোন করেও অনেকে রাজের প্রশংসা করছেন। ওর প্রশংসার কথা শুনে কী যে ভালো লাগছে! এজন্য অনেক খুশি আমি।

ডেইলি স্টার: রাজের সঙ্গে 'পরাণ' দেখতে যাবেন কবে?

পরীমনি: কয়েকদিন আগে যেতে চেয়েছিলাম। কিন্তু শরীর ভালো লাগছিল না বলে যাইনি। আশা করছি আগামী শুক্রবার দুজনে একসঙ্গে 'পরাণ' দেখব। রাজের এত প্রশংসা হচ্ছে চারদিকে, অথচ একসঙ্গে সিনেমাটা দেখব না? অবশ্যই দেখব।

porimoni
পরীমনি। ছবি: স্টার

ডেইলি স্টার: কেউ কেউ বলছেন, আপনাকে বিয়ের পর রাজের সিনেমার ভাগ্য খুলে গেছে?

পরীমনি: সবকিছুর মালিক সৃষ্টিকর্তা। রাজ ভীষণ ভালো মানুষ। পরিশ্রমীও। সততা আছে তার ভেতর। অভিনয় ভালোবাসে। মেধা আর চেষ্টা থাকলে তার প্রকাশ ঘটবেই।

ডেইলি স্টার: এই সময়ে রাজ আপনার কতটা কেয়ার নিচ্ছেন?

পরীমনি: রাজ ভীষণ কেয়ার নিচ্ছে আমার। রাজকে না পেলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত। আমি হ্যাপি। কয়েকদিন ধরে 'পরাণ' সিনেমার জন্য ব্যস্ত আছে। তারপরও অসম্ভব কেয়ার নিচ্ছে। দুদিন আগে ফুল আর মিষ্টি নিয়ে হাজির। আমি ফুল ভালোবাসি। বললাম, কোনো উপলক্ষ? ও বলল, মিষ্টি আর ফুলের জন্য উপলক্ষ লাগে না? কথাটা ভালো লেগেছে।

porimoni
পরীমনি। ছবি: স্টার

ডেইলি স্টার: অনাগত সন্তানের নাম ঠিক করেছেন?

পরীমনি: না। দুজনে মিলে সুন্দর একটা নাম ঠিক করে নেব।