২ বছর পর মঙ্গল শোভাযাত্রা, শুরু হবে টিএসসি থেকে

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসের কারণে ২ বছর বন্ধ থাকার পর এ বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে। তবে মেট্রোরেলের কারণে চলাচলের পথ সরু থাকায় এটি চারুকলা অনুষদের পরিবর্তে টিএসসি থেকে শুরু হবে।

রোববার ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার পর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্মাণাধীন মেট্রোরেলের কারণে চলাচলের পথ সরু থাকায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এ বছর মঙ্গল শোভাযাত্রা টিএসসি সড়কদ্বীপ থেকে বের হবে। মঙ্গল শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে আবার টিএসসিতে গিয়ে শেষ হবে।

এছাড়া আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন বিকেল ৫টার মধ্যে ঢাবি ক্যাম্পাসে সব ধরনের অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নববর্ষের আগের দিন সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না এবং মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, নববর্ষের দিন বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ করা যাবে। তবে ৫টার পর ক্যাম্পাস থেকে বের হওয়া গেলেও কোনোভাবেই আর প্রবেশ করা যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধু নীলক্ষেত মোড় সংলগ্ন গেইট ও পলাশী মোড় সংলগ্ন গেইট ব্যবহার করতে পারবেন।

পহেলা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা এবং ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদের প্রস্তুত করা মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজিলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

সভায় জানানো হয়, নববর্ষের দিন রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগতরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদের বিপরীতের গেট ও বাংলা একাডেমির বিপরীতের গেইট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট ব্যবহার করবেন এবং বের হওয়ার সময় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট, রমনা কালী মন্দির সংলগ্ন গেট ও বাংলা একাডেমির বিপরীতের গেট ব্যবহার করতে পারবেন।

সভায় নববর্ষের দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

কোভিড-১৯ বিবেচনায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নির্মাণাধীন মেট্রোরেলের জন্য মঙ্গল শোভাযাত্রায় জনসমাগম সীমিত রাখার অনুরোধ জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।

বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যে সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে ২৭-সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এই কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। এছাড়াও নববর্ষ উদযাপনের লক্ষ্যে ২টি উপ-কমিটিও গঠন করা হয়।

এগুলো হলো- শৃঙ্খলা উপ-কমিটি ও মঙ্গল শোভাযাত্রা উপকমিটি। ১২ সদস্যবিশিষ্ট শৃঙ্খলা উপকমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং সদস্য সচিব সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুর রহিম। ৩৮ সদস্যবিশিষ্ট মঙ্গল শোভাযাত্রা উপকমিটির আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং সদস্য সচিব সহকারী প্রক্টর মো. নাজির হোসেন খান।