অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনে গর্ভপাতের অভিযোগ, অভিযুক্ত কনস্টেবল বদলি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানায় মামলার বাদী এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠার পর অভিযুক্ত নারী কনস্টেবলকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় তাকে থানা থেকে অব্যাহতি দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. জাকির হোসেন আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ মার্চ গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় এক অন্তঃসত্ত্বা নারী মামলার চাহিদাকৃত সাক্ষীদের নাম দিতে থানায় যান। ওই সময় এক নারী কনস্টেবলের হাতে নির্যাতনের শিকার হলে উক্ত নারীর গর্ভপাত হয়েছে বলে অভিযোগ ওঠে।

ওই ঘটনায় ভুক্তভোগী নারী কোনো লিখিত অভিযোগ না করলেও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। আজ সোমবার তদন্ত প্রতিবেদন জামা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা দ্য ডেইলি স্টারকে বলেন, সেই নারী কনস্টেবলকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাকে কাশিমপুর থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

জিএমপির উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) জাকির হাসান জানান, নারী কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় গঠিত পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।