অবৈধ গ্যাস সংযোগে চলছিল পানীয় তৈরির কারখানা
ঢাকার সাভারে দীর্ঘ দিন ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে একটি কোমল পানীয় তৈরির কারখানা পরিচালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে কারখানাটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার পৌর এলাকার ইমান্দিপুর ও দক্ষিণ হেমায়েতপুর এলাকায় অভিযান পরিচালনা করে তিতাস। এ সময় আরও প্রায় ৫০০টি আবাসিক ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
ইমান্দিপুরের বাসিন্দারা জানান, প্রায় ২ বছর ধরে স্থানীয় প্রভাবশালী মো. বাদল ও মো. জসিম ফিল অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ নামে পানীয় তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। কারখানায় তারা ওই জায়গার মালিক বাদলের বাসার গ্যাসের সংযোগ ব্যবহার করতেন।
তিতাসের ব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইমান্দিপুরে অভিযান চালানোর সময় তারা একটি কোমল পানীয় তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান পান। তারা মূলত বাসার সংযোগ থেকে অবৈধভাবে বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করে আসছিল। পরে কারখানার ফ্লোরের টাইলস উঠিয়ে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ জব্দ করা হয়।'
তাৎক্ষণিকভাবে কারখানার কাউকে না পাওয়া যাওয়ায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।
তবে গ্যাস আইন ২০১০ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিতাসের ব্যবস্থাপক।
তিনি আরও জানান, ইমান্দিপুর এলাকায় ও দক্ষিণ হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে এক কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত প্রায় ৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে একটি কোমল পানীয় তৈরির কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।'
সাভার আঞ্চলিক তিতাস গ্যাস অফিসের তথ্য অনুযায়ী, এই উপজেলায় বৈধ আবাসিক গ্যাস গ্রাহকের সংখ্যা ৫০ হাজার। তবে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীর সংখ্যা এর কয়েকগুণ।
এ পর্যন্ত ১২৫টি অভিযানে সাভার, আশুলিয়া ও গাজীপুরের কাশিমপুরে বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় ১ লাখ ৬৭ হাজার ৬৬৮টি অবৈধ সংযোগ।