অবৈধ বালুঘাট দখল নিয়ে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুঘাটের দখল নিয়ে স্থানীয় আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়ননের বাগানবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকার এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের কর্মী-সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হয়েছে।
ওসি আরও জানান, দুই পক্ষের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের পর থেকে অবৈধ ঘাটের বালু পরিবহনের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে ২ পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ভূঞাপুরের যমুনা নদীর তীরে বঙ্গবন্ধু সেতুর কয়েক কিলোমিটারের মধ্যে ২০টিরও বেশি অবৈধ বালুর ঘাট আছে। যখন যে দল ক্ষমতায় থাকে সে দলের স্থানীয় নেতারা বিভিন্ন মহলে ঘুষ দিয়ে কোটি কোটি টাকার এই অবৈধ ব্যবসা করে।
বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এখানে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।