অর্থ আত্মসাৎ মামলা: এ বি ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তার জামিন আবেদন নাকচ

স্টার অনলাইন রিপোর্ট

১৭৬ কোটি টাকা আত্মসাতের মামলায় বুধবার এবি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার, মো. শহিদুল ইসলাম ও আবদুর রহিমের জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ মামলায় আসামি শহিদুল ও রহিমের জামিনের আবেদন খারিজ করে দেন।

একই বেঞ্চ অবশ্য এই মামলায় সাত্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে দুর্নীতি দমন কমিশন ও সরকারকে।

দুদকের আইনজীবী খুরশিদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, সাত্তার এবি ব্যাংকের সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং শহিদুল ও রহিম ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সহকারী ভাইস প্রেসিডেন্ট।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, সাত্তার, শহিদুল ও রহিমের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ থাকায় হাইকোর্ট তাদের জামিন দেয়নি।

জামিন আবেদনের ভার্চুয়াল শুনানির সময় সাত্তারের পক্ষে আইনজীবী মো. কামরুল ইসলাম এবং শহিদুল ও রহিমের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এবি ব্যাংক লিমিটেডের ১৬ সাবেক কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে গত বছরের ৮ জুন ঢাকার সমন্বিত কার্যালয়ে মামলাটি করে দুদক।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত সাবেক ব্যাংক কর্মকর্তারা সই জাল করে, অফিসের অনুমোদন ছাড়াই ছয়টি ভুয়া ওয়ার্ক অর্ডার ও সাতটি অবৈধ ব্যাংক গ্যারান্টি দিয়ে ক্ষমতার অপব্যবহার করেন এবং এবি ব্যাংকের একটি প্রধান শাখা থেকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা ঋণ নেন।

পরে, তারা তাদের ব্যক্তিগত তহবিলে টাকা স্থানান্তর করেন।