অস্ত্র দিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজেই আসামি, ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

অস্ত্র দিয়ে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সেই মামলায় নিজেই আসামি হয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন যশোরের বেনাপোলের যুবক হাসান হোসেন (৩৫)।

আজ রোববার বিকেলে যশোরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় ঘোষণা করেন।

যশোর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত হাসান বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণী অনুযায়ী, ২০২০ সালের ২৯ আগস্ট বেনাপোলের পুটখালি ইউনিয়নের রাজগঞ্জ অভয়বাস গ্রামের নাসিরের বাড়ির কবুতরের ঘর থেকে একটি ওয়ানশুটার গান ও দুই রাউন্ড গুলি জব্দ করে পুলিশ। গোপন সংবাদ পেয়ে পুলিশ এগুলো জব্দ করেছিল।

পরে পুলিশ তদন্ত করে জানতে পারে যে নাসিরের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী হাসান হোসেন অস্ত্র ও গুলি রেখে পুলিশকে খবর দিয়েছিল।

৩১ আগস্ট হাসানকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে নাসিরকে ফাঁসাতে অস্ত্র রাখার বিষয়টি স্বীকার করেন হাসান।

বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল বাদি হয়ে হাসানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম হাসানকে আসামি করে ২৭ ডিসেম্বর আদালতে চার্জশিট জমা দেন বলে জানান পিপি ইদ্রিস আলী।

আসামি হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক তাকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বর্তমানে সাজাপ্রাপ্ত হাসান কারাগারে আছেন।