‘আইনশৃঙ্খলা বাহিনী’ পরিচয়ে তুলে নেওয়া ব্যক্তি ‘ভুয়া চিকিৎসক’: পুলিশ
ঢাকার সাভার পৌরসভা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে 'আইনশৃঙ্খলা বাহিনী' পরিচয়ে তুলে নেওয়া সাইদুর রহমান নজরুল 'ভুয়া চিকিৎসক' বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী জোনের সহকারী উপপুলিশ কমিশনার আশরাফ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
গত ২ এপ্রিল থেকে সাইদুর রহমান সাভার থেকে নিখোঁজ হন। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তাকে তুলে নেওয়া হয় বলে পরদিন তার স্ত্রী সাভার থানায় একটি সাধারন ডায়েরি করেন।
৫ দিন নিখোঁজ থাকার পর গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার রমনা থানায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আশরাফ সিদ্দিকী ডেইলি স্টারকে বলেন, 'প্রতারণার অভিযোগে ভুয়া চিকিৎসক সাইদুর রহমান নজরুলকে আটক করা হয়। তিনি মাদ্রাসার ছাত্র হয়েও এমবিবিএস চিকিৎসক পরিচয়ে চিকিৎসা করতেন।'
'তার বিরুদ্ধে এমবিবিএসের জাল সনদ বিক্রি ও বিভিন্ন ধরনের টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ আছে,' যোগ করেন তিনি।
পরিবারের দাবি, সাইদুর রহমান নজরুলকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী উপপুলিশ কমিশনার আশরাফ সিদ্দিকী বলেন, 'আসলে পরিবারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেটি সঠিক নয়। আমরা তাকে গতকাল আটক করেছি।'
