জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত ৭ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে আদালত এই আদেশ দেন।

তবে জায়েদ খান দ্য ডেইলি স্টারকে বলেছেন, আমি পক্ষে রায় পেয়েছি। আপিল বোর্ড অবৈধ। আমিই জয়ী সাধারণ সম্পাদক।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ এদিন জায়েদ খান বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছিলেন।

শুনানি নিয়ে আদালত রুল দিয়েছেন, প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না।

নিপুণের আইনজীবী রোকনুদ্দিন মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে তারা আপিল বিভাগের যাবেন।

গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নির্বাচনে অনিয়মের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন। সেই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন।