আম পাড়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক সৌদি প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবা-ছেলেসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
নিহত মো. ইউছুফ (৩২) উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়ির শরীয়ত উল্লাহর ছেলে।
গতকাল দিবাগত রাত ১০টার দিকে বিষ্ণপুর গ্রামের চোর্বা বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইউসুফ সৌদি প্রবাসী। তাদের পরিবারের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নুরনবীর সঙ্গে ইউসুফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সোহেল ও রুবেল ইউসুফকে মারধর এবং ছুরিকাঘাতে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনবাগ থানা পুলিশ।
নবীপুর ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত কয়েক দিন আগে প্রবাসী ইউসুফদের বসতঘরের পাশের একটি জায়গার মালিকানা নিয়ে আমার কাছে তার চাচা অভিযোগ করে। তখন আমি ২ পক্ষকেই ওই বিরোধপূর্ণ জায়গার গাছ থেকে আম পাড়তে নিষেধ করি। একইসঙ্গে ২ পক্ষকেই বলা হয় ঈদুল ফিতরের পর পরই জায়গার মালিকানা নিয়ে বিরোধের সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ইউসুফ ওই গাছ থেকে আম পাড়তে গেলে ২ পক্ষের মধ্যে মারামারি হয়। এতে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ইউসুফ মারা যায় বলে শুনেছি।'
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে জানা গেছে, বিরোধপূর্ণ জায়াগা থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
ওসি আরও জানান, এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত ৩ আসামিকে আটক করা হয়েছে। যাচাই-বাচাই করে আটককৃতদের নাম-ঠিকানা পরে জানানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।