আসামি ধরতে গেলে পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

মাদারীপুরের কালকিনিতে হত্যা মামলার আসামি ধরতে গেলে পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।    

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৮ বরিশাল-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. জামিল হাসান।

১৩ ও ১৪ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৮-এর একটি বিশেষ দল। এ ছাড়া তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

মো. জামিল হাসান সাংবাদিকদের বলেন, পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার আসামিরা হলেন, মো. রাসেল বেপারী (২৮), মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২), নয়ন বেপারী (২২), ওসমান বেপারী (২২), সবুজ বেপারী (৩০) ও শাকিল বেপারী (১৮)। তারা সবাই কালকিনি উপজেলার মধ্যচর এলাকার বাসিন্দা। 

তিনি আরও জানান, বুধবার ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে আরও ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৫টি দেশে তৈরি রিভলবার, ১টি পাইপগান, ১টি পিস্তল, ১টি মাগ্যাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ, ৪টি মোবাইল, ৫টি সিমকার্ড এবং নগদ ৮ হাজার ১৪৪ টাকা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফৌজদারি ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোথাও আর কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

গত ১০ এপ্রিল কালকিনি উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় লাট্টু বেপারী নামে একজন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে যান। এ সময় আসামিপক্ষের লোকজন পলাশ কুমারের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়।