ইভটিজিংকে কেন্দ্র করে বিয়েবাড়িতে ছুরিকাঘাতে নিহত ১
কুড়িগ্রাম শহরের পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে ইভটিজিংয়ের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন।
নিহত রাহুল বাশফোর (১৮) গাইবান্ধা শহরের কাচারীবাজার এলাকার প্রদীপ বাশফোরের ছেলে।
এ ঘটনায় ওই এলাকায় হরিজন সম্প্রদায়ের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি বিবেচনায় কুড়িগ্রাম সদর থানার পুলিশ সেখানে অবস্থান করছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে গাইবান্ধা ১৫০ জন বরযাত্রী আসেন। সোমবার সকাল ৯টার দিকে বিদায় অনুষ্ঠানে ইভটিজিংয়ের জেরে সংঘর্ষ বাঁধে। এসময় ছুরিকাঘাতের একজন মারা যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, হরিজন পল্লীতে সুমন বাশফোরের মেয়ে অন্তরা রানী বাশফোরের সাথে গাইবান্ধা জেলা সদরের কাচারীপাড়া এলাকার স্বপন বাশফোরের ছেলে রনি বাশফোরের বিয়ের আয়োজন চলছিল।
সকালে বর-কন্যা বিদায়ের সময় কথাকাটাকাটি শুরু হয়। এর জেরে রাহুল বাশফোর নামে বর পক্ষের এক যুবককে ছুরিকাঘাত করা হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।