ইভ্যালি মামলায় তাহসানের স্থায়ী জামিন

স্টার অনলাইন রিপোর্ট

বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির সঙ্গে সংশ্লিষ্ট থেকে জালিয়াতির অভিযোগে করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।

জামিন চেয়ে আজ বুধবার তাহসান ও তার আইনজীবী আদালতে হাজির হলে, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম চৌধুরী এ আদেশ দেন।

এর আগে গত ২০ জানুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণের পর তাকে আদালত তাহসানকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছিলেন।

এ সময়ের মধ্যে তাহসানকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর সংক্ষুব্ধ গ্রাহক সাদ স্যাম রহমান ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, সংগীতশিল্পী তাহসান এবং অভিনেত্রী মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করেন।

১৩ ডিসেম্বর একই মামলায় অভিনেতা রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

তারা দুজনই বিভিন্ন তারিখে সিএমএম আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছিলেন।

মামলার এজাহারে বলা হয়, তাহসান, মিথিলা ও ফারিয়া ইভ্যালির বিভিন্ন পদে ছিলেন। তাদের বিভিন্ন প্রচারণার পরিপ্রেক্ষিতে বাদি সাদ স্যাম ইভ্যালিতে ৩ লাখ ১৮ হাজার টাকা বিনিয়োগ করেন।