উজির মিয়ার মৃত্যু: ‘জন-অসন্তোষ’ বিবেচনায় উপপরিদর্শককে বদলি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশী নির্যাতনে অসুস্থ হয়ে উজির মিয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ উপপরিদর্শক দেবাশীষ সূত্রধরের জড়িত থাকার অভিযোগ করেন পরিবার ও এলাকাবাসী।
এ ঘটনায় গতকাল বুধবার দেবাশীষ সূত্রধররেক শান্তিগঞ্জ থানা থেকে পার্শ্ববর্তী দিরাই থানায় বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'তার বিরুদ্ধে অভিযোগ এখনো তদন্তাধীন। তবুও যেহেতু তার বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে এবং জন-অসন্তোষ সৃষ্টি হয়েছে, এ অবস্থায় এই থানায় তার পক্ষে স্বাভাবিকভাবেই কাজ করা সম্ভব না। তাই তাকে পার্শ্ববর্তী থানায় বদলীয় করা হয়েছে।'
গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের উজির মিয়াকে গরু চুরির একটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ১১ ফেব্রুয়ারি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
ভর্তির পরদিন হাসপাতাল থেকে ছাড়া পেলেও ২১ ফেব্রুয়ারি আবারো অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পথে মারা যান উজির মিয়া। তার মৃত্যুর পর এলাকাবাসী বিক্ষোভ করেন এবং গ্রেপ্তারের পর ব্যাপক পুলিশী নির্যাতনের বিষয়টি সামনে আসে।
এ ঘটনায় মঙ্গলবার ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে সুনামগঞ্জের জেলা প্রশাসন ও জেলা পুলিশ। ২টি তদন্ত কমিটিরই আজকে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।