ঋণ জালিয়াতির অভিযোগে ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডির বিরুদ্ধে মামলা
ঋণ জালিয়াতির অভিযোগে ফারইস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার কমিশনের ঢাকায় সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপপরিচালক আবদুল মাজেদ এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন-ফারইস্ট ফাইন্যান্সের সাবেক এমডি শান্তনু সাহা, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা হাফিজুর রহমান, সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার, সহকারী ব্যবস্থাপক আহসানুল ইসলাম ও সিনিয়র ম্যানেজার ইকবাল হক চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে ভুয়া দলিল তৈরি করে বিভিন্ন ব্যাংক থেকে ধার করা ঋণ পরিশোধিত হিসেবে দেখিয়েছেন।
এরপর তারা কয়েকজনের নামে ১১টি চেক ইস্যু করেন এবং জুলাই ২০১৭ থেকে জুলাই ২০১৯ সালের মধ্যে ৬১ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন।
তবে অনুসন্ধানে ওই ব্যক্তিদের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক।