এক দিনের ব্যবধানে ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত আরও ১

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানী ঢাকার পল্লবী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রায়হান (২৬) নাম এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত আনুমানিক সোয়া ১০টার দিকে লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডের পাশে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন।

রায়হানের বাবা রাজু মিয়া জানান, একটি ফোন পাওয়ার পরে সন্ধ্যায় রায়হান বাসা থেকে বের হয়েছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টায় একজন অপরিচিত ব্যক্তি ফোন করে জানান, রায়হান দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হচ্ছে। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোররাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজু মিয়া বলেন, রায়হানের সঙ্গে কারো শত্রুতা ছিল না। কী কারণে তাকে হত্যা করা হয়েছে আমরা জানি না।

আজ মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, নিহত যুবকের বুকে ও তলপেটে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর সায়েদাবাদ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৪৫) নামে ১ ব্যবসায়ী নিহত হন। তার স্বজনের ধারণা, মোশারফ ছিনতাইকারীদের হামলায় নিহত হয়েছেন।