এজলাসে নেওয়ার পথে আসামি উধাও, ২৪ ঘণ্টা পার হলেও ধরা পড়েননি

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরে আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে হত্যাসহ একাধিক মামলার এক আসামি পালিয়ে গেছেন। এ ঘটনার পর একদিন পার হয়ে গেলেও তাকে ধরতে পারেনি পুলিশ।

পলাতক আসামি লুৎফর রহমান দিনাজপুর সদর উপজেলার সিকদারহাট এলাকার বাসিন্দা। তিনি দিনাজপুর জেলা কারাগারে বন্দী ছিলেন। গতকাল বৃহস্পতিবার আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার পথে পালিয়ে যান তিনি।

দিনাজপুর আদালত পরিদর্শক মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল সকাল ১০টায় দিনাজপুর জেলা কারাগার থেকে মোট ৪৭ জন আসামিকে আদালতে আনা হয়। তাদেরকে আদালতের হাজতে রাখা হয়। সেখান থেকে পুলিশি পাহারায় আসামিদের বিভিন্ন আদালতের এজলাসে নেওয়া হয়। দুপুর ১২টায় জানতে পারি, একজন আসামি এজলাসে নেই। পরে সব আদালতে খোঁজ নিয়ে রাতে হিসেব করে নিশ্চিত হওয়া যায়, আসামি লুৎফর রহমান অনুপস্থিত।'

তিনি বলেন, লুৎফর রহমান আদালতের হাজত থেকে এজলাসে নেওয়ার পথে পালিয়ে গেছেন। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া শুরু হয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনতে জোর তৎপরতা অব্যাহত আছে।  

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল জানান, গতকাল কারাগার থেকে যে কয়জন আসামিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে একজনের পালিয়ে যাওয়ার বিষয়টি গতকাল দিবাগত রাত ১২টার পর আদালত থেকে লিখিতভাবে কারাগারকে জানানো হয়। লুৎফর রহমানের বিরুদ্ধে হত্যাসহ ৬টি মামলা আছে বলে জানান তিনি।