ওয়ারীতে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গৃহবধূ আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ওয়ারীর তাহেরবাগে একটি বাসায় ১৩ বছর বয়সী এক গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় আঁখি নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরের দিকে ওই গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওই কিশোরী অভিযোগ করেন, বাসার কাজ দ্রুত করতে না পারার অভিযোগে গৃহকর্ত্রী আঁখি তাকে সব সময় মারধর করতেন। কাঠের মোটা লাঠি দিয়ে তার শরীরে আঘাত করতেন। বাসায় হাতের কাছে যা পেতেন তা দিয়েই তাকে মারধর করতেন তিনি। কয়েক সপ্তাহ আগে মারধরের এক পর্যায়ে আঁখি ওই কিশোরীর গলায় ওড়না ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছিলেন। সেসময় ওড়না ছিঁড়ে পড়ে যান তিনি।

ওই গৃহকর্মী আরও জানান, একসঙ্গে তাকে অনেক কাজ করতে বলা হতো। কাজ করে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকলে তা দেখেও নির্মম নির্যাতন করা হতো।

হাসপাতালে ওই কিশোরীর এক আত্মীয় বলেন, 'ওই কিশোরীর বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। তার বাবা রিকশাচালক, মা গৃহিণী। ১০ মাস আগে তার বাবা-মা কাজের জন্য তাকে বনগ্রামে তার বাসায় দিয়ে যান। এক নারীর মাধ্যমে ওই কিশোরীকে তিনি ১৩ নম্বর তাহেরবাগের মাসুম বিল্লাহ ও আঁখির বাসায় কাজে দেন।'

আসমা আরও বলেন, 'গতকাল বৃহস্পতিবার গৃহকর্ত্রী আঁখি তার মাকে ফোন দিয়ে জানান, "আপনার মেয়ের ডায়রিয়া হয়েছে। তাকে নিয়ে যান"। গতকাল বিকেলেই তার মা গ্রাম থেকে ঢাকায় এসে তাকে ওই বাসা থেকে মেয়েকে নিয়ে আমার বাসায় আসেন। আজ সকালে তাকে গোসল করানোর সময় তার সমস্ত শরীরে পুরাতন আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। তখন সে মায়ের কাছে নির্যাতনের সব ঘটনা খুলে বলে। এরপরই তাকে নিয়ে প্রথমে থানায় তারপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আবার থানায় আসেন তারা।'

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ওই গৃহবধূকে আটক করা হয়েছে।