কক্সবাজারের দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানা, আটক ৩
কক্সবাজারের পেকুয়া উপজেলার দুর্গম পাহাড়ে টানা ২দিন অভিযান চালিয়ে ৮টি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ কারিগরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ৮টি পাহাড়ে টানা অভিযান চালায় র্যাব। অভিযানে অস্ত্র তৈরির 'মূলহোতা' আবদুল হামিদের বাড়ি থেকে ৮টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আবদুল হামিদ পালিয়ে যান।
ইউসুফ বলেন, আবদুল হামিদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর আরও কয়েকটি পাহাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। সেইসঙ্গে আটক করা হয় অস্ত্র তৈরির ৩ কারিগরকে।
র্যাবের এই কর্মকর্তার ভাষ্য, আটক ৩ জনের মধ্যে অস্ত্র তৈরির 'প্রধান কারিগর' আমিরুল ইসলাম জিজ্ঞাসাবাদে র্যাবকে জানান যে, তারা পাহাড়ে অস্ত্র তৈরি করে তা পেশাদার ডাকাত, সন্ত্রাসী ও উপকূলীয় জলদস্যুসহ বিভিন্ন এলাকার অপরাধীদের কাছে বিক্রি করে থাকেন।
এদিকে কক্সবাজারে র্যাব-১৫ এর একটি দল আজ ভোর ৫টার দিকে রামু বাইপাস সড়কে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় ৪ মাদক কারবারিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খায়রুল ইসলাম সরকার।