কক্সবাজারে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলিসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বুধবার ভোররাত ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা থেকে অস্ত্রসহ কুখ্যাতডাকাত দল পুতিয়া গ্রুপের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুর ১২টায় র্যাব-১৫ এর কক্সবাজার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, গ্রেপ্তারকৃত ২ জন হচ্ছেন হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়ার মৃত ইদ্রিসের পুত্র মোহাম্মদ রমিজ (২৭) এবং একই ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত জহিরের পুত্র মোহাম্মদ শফিক (৩০)।
অভিযানের সময় ৬টি একনলা বন্দুক, একটি থ্রি কোয়াটারগান, একটি ওয়ানশুটারগান, ১৮ রাউন্ড গুলি, একটি লম্বা চাকু, একটি লোহার শেকল, একই রঙের ৫টি শার্ট এবং ২টি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ২ ডাকাত স্বীকার করেছেন যে, তারা পুতিয়া গ্রুপের সদস্য।
এ বিষয়ে র্যাব বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছে।