কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজার শহরে অভিযান চালিয়ে নাফিস ইকবাল (২৪) নামের এক ছাত্রলীগ নেতাকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের লাইট হাউজ পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাফিস ইকবাল ছাত্রলীগের কক্সবাজার শহর শাখার সাংগঠনিক সম্পাদক বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আজম।
কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লাইট হাউজের একটি বাড়িতে আজ অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে নাফিস ইকবাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটক করতে সক্ষম হয় র্যাব। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ৩ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে নাফিস স্বীকার করেন, তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দিয়ে বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিলেন।
নাফিসের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা করেছে র্যাব।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামিকে কক্সবাজার সদর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।'