কক্সবাজারে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজারে অলি আহমদ (৪৫) এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে জেলার পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত অলি আহমদ শিলখালীর সেগুনবাগিচা এলাকার শেখ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সংরক্ষিত বনভূমি থেকে গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের উপর্যুপরি দায়ের কোপে অলি আহমদ নিহত হয়েছে।
শিলখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুস ছামাদ বলেন, 'প্রতিপক্ষের উপর্যুপরি দায়ের কোপে কৃষক অলি আহমদ গুরুতর আহত হলে তাকে এলাকাবাসী পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'
সংরক্ষিত বনাঞ্চল দখল নিয়ে এই এলাকায় প্রতিনিয়ত অপরাধ সংঘটিত হচ্ছে এবং এর সঙ্গে বন কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
নিহত অলি আহমদের চাচা নুরুল হক বলেন, 'শিলখালী ইউনিয়নের উত্তর আধারী এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের বারবাকিয়া বনবিটের সংরক্ষিত বনভূমিতে কৃষক অলি আহমদের দখলীয় জায়গায় গাছ কাটা নিয়ে একই এলাকার আবদুল মজিদ ও আবদুল গণির সঙ্গে বিরোধ হয়। ওই বিরোধের জের ধরে গাছ কাটা শেষে আবুল মজিদ ও আবদুল গণিসহ আরও কয়েকজন কৃষক অলি আহমদের ওপর ধারালো দা দিয়ে হামলা করে। তাদের উপর্যুপরি দায়ের কোপে অলি আহমদ মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।'
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, বারবাকিয়া রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চল অপরাধীদের ডেরায় পরিণত হয়েছে। এখানে সম্প্রতি র্যাব পৃথক ২টি অভিযান চালিয়ে ২টি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে। বিপুল পরিমাণ অস্ত্রসহ অপরাধীদের গ্রেপ্তারও করেছে র্যাব।