কক্সবাজারে ধর্ষণ মামলায় বিএনপি নেতা কারাগারে
কক্সবাজারে এনজিও কর্মীকে ধর্ষণ ও ভ্রণ হত্যা মামলায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং বিএনপি ইউনিয়ন শাখার সভাপতি মঞ্জুর আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বুধবার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি নেতা মঞ্জুর আলম আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোহাম্মদ ইসমাইল জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বরাত দিয়ে কক্সবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফখরুল ইসলাম গুন্দু বলেন, একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত নারী কর্মীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেন মনজুর আলম। ওই নারী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তার গর্ভপাত ঘটানোর অভিযোগ আছে মনজুর আলমের বিরুদ্ধে। গত ৪ জানুয়ারি ওই নারীকে উখিয়ায় মনজুরের বাসায় এনে মারধরও করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী চলতি বছরের জানুয়ারিতে উখিয়া থানায় একটি মামলা করেন। মামলায় পলাতক থেকে মনজুর আলম হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। কিন্তু হাইকোর্ট তাকে জামিন না দিয়ে ৬ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।