কক্সবাজারে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারে নিখোঁজের তিন দিন পর আবু সৈয়দ(১৯) নামে এক ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল ১১টা দিকে জেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চরপাড়ায় রেললাইন সংলগ্ন বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবু সৈয়দ রামুর পানেরছরা শিয়ালপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি ভাড়ায় ইজিবাইক চালাতেন।

আবু সৈয়দের পরিবারের সদস্যরা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন আবু সৈয়দ। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে রামু থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আনোয়ারুল হোসাইন বলেন, আবু সৈয়দের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ইজিবাইক উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৭ এপ্রিল একই উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের রাবার বাগান এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাফর আলম (৪০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যার পর তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।