কলেজশিক্ষার্থীকে অপহরণ: সাবেক যুবলীগ নেতা গাফফারসহ গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ঝিনাইদহে সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আবুজার গিফারী গাফফার (৩৫) সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

উদ্ধার করা হয়েছে অপহৃত কলেজশিক্ষার্থীকে।

গ্রেপ্তারকৃত বাকি দুজন হলেন সাব্বির হোসেন (২২) ও হাফিজুর রহমান (৪৬)।

আজ সোমবার ভোরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার তথ্যে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ যৌথভাবে মানিকগঞ্জ সদর উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করে।

02-jhenidah-college-girl-ki.jpg
আবুজার গিফারী গাফফার। ছবি: সংগৃহীত

এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত গাফফার শৈলকূপা উপজেলার বড়দা গ্রামের দিয়ানত আলী বিশ্বাসের ছেলে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস পি আ ন ম ইমরান খান সাংবাদিকদের জানান, র‌্যাবের জিজ্ঞাসাবাদে আব্দুল গাফফার তাদের জানিয়েছেন, গত ৫ মার্চ কোচিং সেন্টার থেকে ফেরার পথে কলেজশিক্ষার্থীকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় গাফফার ও তার সহযোগীরা। প্রথমে রাজবাড়ী ও পরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর সিলেট হয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয় অপহরণকারী চক্র। পথে ভিকটিমকে এসিড ও ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। মাইক্রোবাসটি মানিকগঞ্জে পৌঁছালে গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে র‌্যাব-৪ ও র‌্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এ বিষয়ে শৈলকূপা যুবলীগের সভাপতি শামিম মোল্লা জানান, আবুজার গিফারী গাফফারকে দলীয় নেতাকর্মীদের কাছ থেকে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে অনেক আগেই তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। সে আর যুবলীগ কর্মী নয়।

তিনি বলেন, গাফফার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হত্যা মামলার আসামি হলে ছাত্রলীগ থেকে ৫ বছর সাসপেন্ড ছিল।