কলেজশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক: পুলিশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক কলেজশিক্ষার্থী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. রুবেল ওই শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে চরফকিরা ইউনিয়নের বাসিন্দা মমিনুল হক ফারুককেও (৩০) গ্রেপ্তার করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি বসুরহাট পৌরসভায় একটি ধানখেত থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা দীপক জ্যোতি খীসা বলেন, 'ঘটনার রাতে ওই কলেজশিক্ষার্থী নানাবাড়ি যাওয়ার জন্য রুবেলের অটোরিকশায় উঠেন। রুবেল অটোরিকশাটি সোজা পথে না চালিয়ে ভুল পথে নিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে মেয়েটি রিকশা থেকে নেমে যান।'
পরে রিকশাচালক রুবেল রিকশা থেকে নেমে শিক্ষার্থীর পথ আটকে তাকে ধর্ষণ করেন। এক সময় মেয়েটি মারা গেছে বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় ১ মার্চ লিখিত অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রুবেলসহ ২ জনকে গ্রেপ্তার করে।