কালিয়াকৈরে পাবলিক টয়লেটে ওএমএসের ৭ বস্তা চাল
গাজীপুরের কালিয়াকৈরে পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে ওএমএসের ৭ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে উপজেলার মাটিকাটা এলাকায় পৌরসভার পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে এগুলো উদ্ধার করা হয়।
তবে কে বা কারা সেখানে চালের বস্তাগুলো রেখে গেছে তা এখনো জানা যায়নি।
কালিয়াকৈরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযানে গিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, 'এগুলো দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ওএমএসের চাল। উদ্ধারকৃত চালের বস্তা উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেনের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।'
এ ঘটনায় ওএমএস ডিলার মাহফুজুর রহমানের ডিলারশিপ বাতিল, জামানত বাজেয়াপ্ত এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইউএনও।