কুমিল্লার পালপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার পালপাড়ায় শুভ (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার ‍বিকেল সাড়ে ৫টায় জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রীজ এলাকায় একদল যুবক তার উপর সশস্ত্র হামলা করে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহত শুভ নগরীর আড়াইওড়া সমিতি পালপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছু আগে পালপাড়া ব্রীজ এলাকায় শুভকে কুপিয়ে হত্যা করা হয়। ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লা কোতয়ালী থানার ওসি মো.সহিদুর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।