কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ র‍্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ৪

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে ১ র‍্যাব সদস্যসহ ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের নালবাগ এলাকায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাব-১১ সিপিসি ২ কুমিল্লার কোম্পানির অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত র‍্যাব সদস্য হলেন-করপোরাল রুবেল হোসেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন ‌স‌া‌হিদুর, ম‌সিউর, শিহাব‌। তাদের বাড়ি নীলফামারী জেলায়।

র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় মাদক চোরাকারবারিদের আটক করতে অভিযান চালায়। এ সময় র‍্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়া হলে র‍্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়।

এতে ১ র‍্যাব সদস্যসহ ৪জন গুলিবিদ্ধ হন।

র‍্যাব কর্মকর্তা মেজর সাকিব জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত র‍্যাব সদস্যের অবস্থা গুরুতর হওয়ার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ২ মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।