কুষ্টিয়ায় আ.লীগ নেতা হত্যার ঘটনায় জাসদ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা
কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকীকে (৫০) হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) এক কেন্দ্রীয় নেতা ও তার ভাইসহ দলের ২০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামির তালিকায় থাকা জাসদের কেন্দ্রীয় নেতা হলেন দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন। আরেক আসামি তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন।
এ বিষয়ে ওসি মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ আগে তদন্ত করবে, তারপর এ বিষয়ে ব্যবস্থা নেবে।'
গত শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় তার ছোট ৩ ভাই ও ছেলেও গুলিবিদ্ধ হন। সকাল ৯টার দিকে চরপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিদ্দিকুর রহমান মাঠে কাজ করছিলেন। হঠাৎ সেখানে ৪/৫ জনের একটি দল অস্ত্র হাতে হাজির হয়ে নির্বিচারে গুলি চালাতে থাকে।
সন্ত্রাসীরা চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুর রহমান মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় জাসদকে দায়ী করতে থাকেন। তারা তখনই স্থানীয় জাসদ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের ঘোষণা দেন।
মামলার প্রধান আসামি জাসদের আব্দুল আলীম স্বপন ডেইলি স্টারকে বলেন, 'সিদ্দিক হত্যার বিষয়টি স্থানীয় ২টি পরিবারের পূর্ব শত্রুতার ধারাবাহিকতা।'
আর এ ব্যাপারে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিক উল আলম চুনুর ভাষ্য, 'জাসদ নেতাদের নির্দেশেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে'।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম শরীক দল জাসদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ২০০৮ সাল থেকে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। গত এক দশকের বেশি সময় ধরে ২ দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অন্তত ২০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী নিহত হয়েছেন।