কুষ্টিয়া সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।
গতকাল রাতে উপজেলার বিলগাথুয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত লিটন বিশ্বাস (৩৫) বিলগাথুয়া মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে। তার মরদেহ বর্তমানে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবিদ হাসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, লিটন ভারত থেকে পণ্য এনে দেশে বিক্রি করতেন। শনিবার রাত ৯টার দিকে ভারত থেকে পণ্য নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন। তার সঙ্গে একই পেশায় নিয়োজিত আরও কয়েকজন বাংলাদেশি ছিলেন।
'এসময় ১৫১-৬ (এস) সীমান্ত পিলার সংলগ্ন ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার মেঘনা সীমান্তে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ মেঘনা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। বুকে গুলিবিদ্ধ হয়ে লিটন নিহত হলে অন্যরা বাংলাদেশ সীমানায় পালিয়ে আসেন। পরে বিএসএফ লিটনের মরদেহ উদ্ধার করে হোগলবাড়িয়া থানায় পাঠায়', বলেন তিনি।
ওসি জাবিদ হাসান বলেন, 'ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন এসেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। হোয়াটস অ্যাপে তার ছবিও পাঠিয়েছে। খবর শুনে ও ছবি দেখে বিলগাথুয়া গ্রামে লিটনের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিবারের কেউ থানায় আসেননি।'
এ বিষয়ে ১৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিজিবির কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েক সুবেদার আমজাদ হোসেন বলেন, 'ঘটনার কারণ জানতে চেয়ে বিএসএফ বরাবর আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।'