খালাস চেয়ে হাইকোর্টে আপিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকতের

স্টার অনলাইন রিপোর্ট

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী আজ মঙ্গলবার তাদের দণ্ড বাতিল ও খালাস চেয়ে হাইকোর্টে দুটি আপিল করেছেন।

টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং উপ-পরিদর্শক লিয়াকত আলী আইনজীবীদের মাধ্যমে আপিল দাখিল করেছেন। সেখানে দাবি করা হয়েছে তারা নির্দোষ এবং তারা ত্রুটিপূর্ণ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

আপিলে তারা বিচারিক আদালতের রায় বাতিল করে আদেশের জন্য হাইকোর্টের কাছে আবেদন করেন।

যোগাযোগ করা হলে, আসামিপক্ষের আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী এবং রানা দাশগুপ্ত দ্য ডেইলি স্টারকে বলেন, প্রদীপ ও লিয়াকতের বিরুদ্ধে বিচারিক আদালতের রায় এবং আদেশ সঠিক ও আইনসম্মত ছিল না তাই, তা বাতিল করা উচিত।

মুনসুরুল হক চৌধুরী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলার পেপার বুক তৈরির পর আপিল আবেদনের বিষয়ে শুনানি করবে।

মেজর (অব.) সিনহাকে হত্যার দায়ে ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল প্রদীপ ও লিয়াকতকে মৃত্যুদণ্ড এবং অন্য ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

ছয় জন হলেন বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব ও রুবেল শর্মা এবং পুলিশের সোর্স মো. নেজামুদ্দিন, নুরুল আমিন ও আয়াজ উদ্দিন।

সিনহার বড় বোন ২০২০ সালের ৫ আগস্ট প্রদীপ, নন্দদুলালসহ আরও কয়েকজনের বিরুদ্ধে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন।

গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের রায়ের পরীক্ষা-নিরীক্ষার জন্য মামলার নথি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পৌঁছেছে।