গরুর মাংসের দাম নিয়ে বাগবিতণ্ডা, কসাইয়ের আঘাতে ক্রেতা আহত

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

প্রদর্শিত মূল্য তালিকার চাইতে দাম বেশি নেওয়ার প্রতিবাদ করায় কসাইদের হামলায় ৩ ক্রেতা আহত হয়েছেন। তাদের মধ্যে মো. লিটন নামে এক ক্রেতার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । তিনি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজারের শহর রক্ষা বাঁধের এমাদুলের গরুর মাংসের দোকানে এ ঘটনা ঘটে ।

এ ঘটনায় ইব্রাহিম মোল্লা (২২) নামে এক জনকে আটক করেছে পুলিশ ।

আহতরা হলেন- বাগেরহাটের হাড়িখালী এলাকার শামীম হাসানের ছেলে মো.লিটু (৩০), একই এলাকার মানিক মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) ও মাঝিডাঙ্গা এলাকার আশ্রাব আলী হাওলাদারের ছেলে মো. রহমত (২৭)। তারা ৩ জনই পেশায় অ্যাম্বুলেন্স চালক । ঈদ উপলক্ষে মাংস কিনতে দোকানটিতে গিয়েছিলেন তারা।

কসাইদের হামলায় গুরুতর আহত মো. লিটু বলেন, 'দোকানের প্রদর্শিত মূল্য তালিকায় গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা লেখা ছিল । মাংসের দোকানদার চর্বিসহ ৭০০ টাকা দাবি করছিল । আমারা বলেছিলাম বেশি দাম নিলে চার্টের দরকার কী? তখন তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে । এক পর্যায়ে ইব্রাহিম, এমাদুল, ও আরিফুলসহ ৫-৬ জন আমাদের মারধর করে এবং কেউ একজন আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় ।'

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান,  এ ঘটনায় জড়িত সন্দেহে  ইব্রাহিম নামে একজন কে আটক করা হয়েছে । মামলার প্রক্রিয়া চলছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা করছে ।