গাজীপুরে জেলা ছাত্রলীগের সাবেক নেতার বিরুদ্ধে মানবাধিকার কর্মীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক মানবাধিকার কর্মী ও নারী উদ্যোক্তা।

আজ বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমের (৩২) বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। 

লিখিত অভিযোগে বলা হয়, ২০২১ সালের প্রথম দিকে শ্রীপুরের বিভিন্ন এলাকায় বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারী ও শিশু বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলম তাকে অনুসরণ করেন। গত বছরের ৮ জুলাই রাতে শাহীন আলম ফেসবুক মেসেঞ্জারে তার সঙ্গে যোগাযোগ করে ব্যবসা সংক্রান্ত আলাপ করেন।

এক পর্যায়ে শাহীন ওই নারীকে পণ্য নিয়ে দেখা করতে বললে তিনি পরদিন তার সঙ্গে দেখা করতে যান।

সন্ধ্যা ৬টার দিকে দেখা হওয়ার পর শাহীন ওই নারীকে তার অফিসে নিয়ে ধর্ষণ করেন।

ওই নারী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে চাইলে স্থানীয় রাজনৈতিক নেতারা তখন তাকে মামলা না করার অনুরোধ করেন।

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় নেতা গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী মোশারফ হোসেন ভুঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই মানবাধিকার কর্মী আমার প্রতিবেশী। ঘটনার কিছু সময় পর তিনি শাহীন আলমের বিরুদ্ধে অপমানিত এবং লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন। পরে ওই নারী জানান তাদের মধ্যে মীমাংসা হয়ে গেছে।'

জানতে চাইলে গাজীপুর জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযুক্ত শাহীন আলম আমার কমিটির সহ-সভাপতি ছিলেন। অভিযোগের বিষয়টি আমি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে আইনগত উপায়ে তার শস্তি হবে।'

শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'তাকে নারী ও শিশু আদালতের মাধ্যমে আইনের আশ্রয়ে যাওয়ার পরার্মশ দেওয়া হয়েছে।'

এ ঘটনায় অভিযুক্ত শাহীন আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।

--