গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৪ জনের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জে এক গৃহবধূকে হত্যার অপরাধে স্বামীসহ ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—হত্যার শিকার গৃহবধূর স্বামী মোর্শেদায়ান নিশান, তার ভাই ইহসান শুশান, ভগ্নিপতি মোহাম্মদ হাসান শেখ এবং ব্যবস্থাপক আনিসুর রহমান। রায় ঘোষণার সময় নিশান অনুপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্ততর্ক উপস্থাপন করেন। এই মামলায় আদালত রাষ্ট্রপক্ষের ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন।
রায়ে আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। যে কারণে তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। পলাকত আসামি গ্রেপ্তার হলে বা আত্মসমর্পণ করলে তার রায় কার্যকর হবে।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জের বেতগ্রামের বাসিন্দা জাকিয়া মল্লিককে যৌতুকের দাবিতে তার স্বামী নিশান শারীরিক নির্যাতন করেন। সংবাদ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে নিশান পালিয়ে যান। ওই বছরের ৯ জুন পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয় এবং ৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।