চট্টগ্রামে তরুণীকে এসিড নিক্ষেপের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ২০ বছর বয়সী এক তরুণীকে এসিড নিক্ষেপের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নুরুল আজিম কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার খনকাটা এলাকার বাসিন্দা।

দগ্ধ তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন আছেন।

বুধবার দিবাগত রাতে রাঙ্গুনিয়া উপজেলায় বেতাগী এলাকায় এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ চন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজিম পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। ঘটনার পরপর পুলিশ তাকে কাপ্তাই থেকে গ্রেপ্তার করে।'

তিনি বলেন, 'ওই তরুণীর সঙ্গে আজিম বুধবার রাতে দেখা করতে গিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।'

এসিডে ওই তরুণীর মুখ, হাত ও পিঠ পুড়ে গেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় তরুণীর ভাই আবু তাহের বাদী হয়ে মামলা করেছেন।