চট্টগ্রামে বৈদেশিক ডাকের চালানে পিস্তল: ২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ইতালি থেকে গৃহস্থালী পণ্য আমদানির নামে ২টি পিস্তল আমদানির অভিযোগে ২ জনকে আসামি করে নগরীর বন্দর থানায় মামলা করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। 

মামলার আসামিরা হলেন- পণ্য চালানের প্রাপক চট্টগ্রামের সিজিএস কলোনির মজুমদার কামরুল হাসান ও ইতালি থেকে পণ্যের প্রেরক রাজীব বড়ুয়া। 

সোমবার সকালে শুল্ক আইন-১৯৬৯, বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এবং অস্ত্র আইন-১৮৭৮-এর বিভিন্ন ধারায় কাস্টমস কর্তৃপক্ষের মামলাটি করেন সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন।

কাস্টমস নথি অনুযায়ী, গত রোববার সিজিএস কলোনির বাসিন্দা কামরুল হাসানের ঠিকানায় গৃহস্থালী সামগ্রীর একটি চালান পাঠান রাজীব বড়ুয়া। চালানটিতে গৃহস্থালী পণ্যের পাশাপাশি দুটি পিস্তল ও ৬০টি গুলি ও আরো দুটি খেলা পিস্তল জব্দ করে কাস্টমস কর্মকর্তারা। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে ফরেন পোস্টঅফিসে চালানটি ইতালির রোম থেকে আসে। 

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ফয়সাল সরওয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা জানতে পেরেছি রাজীব বড়ুয়া সম্প্রতি ইতালি থেকে দেশে এসেছেন। সম্প্রতি সিজিএস কলোনির লোকজনও তাকে কলোনিতে কামরুলের সঙ্গে আড্ডা দিতে দেখেছে। ছোটবেলা থেকেই তারা একে অপরকে চেনেন।

আসামিদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানান তদন্ত কর্মকর্তা।