চট্টগ্রামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, গ্রেপ্তার ৪
চট্টগ্রামের জিইসি মোড় সংলগ্ন সড়কে একদল ব্যক্তির হামলায় চট্টগ্রাম আদালতের একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, রানা মর্তুজা (৪৫), আবদুর রহিম (৩৮), মাসুকা সুলতানা (৩৫) ও জীবন সুলতানা (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, রানা মর্তুজা আওয়ামী লীগের বেলজিয়াম শাখার সদস্য। তবে দ্য ডেইলি স্টার এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এ ঘটনার পর আহত ম্যাজিস্ট্রেট ওলিউল্লাহ একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম জানান, গতকাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাজির আবুল কালাম আজাদ ৫ ব্যক্তিকে অভিযুক্ত করে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ম্যাজিস্ট্রেট ওলিউল্লাহ এবং তার স্ত্রী জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেসময় একটি প্রাইভেটকার তাদের পেছনে এসে হর্ন বাজাতে থাকে। ম্যাজিস্ট্রেট ওলিউল্লাহ গাড়ির আরোহীদের অহেতুক হর্ন না বাজানোর অনুরোধ জানালে তারা তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে জনসম্মুখে তাকে পিটিয়ে আহত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং এক ব্যক্তিকে সেখানে থেকে আটক করে। পুলিশ ম্যাজিস্ট্রেটকে হাসপাতালেও নিয়ে যায়।
ঘটনার পর রাতে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিচারকরা থানায় যান। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অপর ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে।