চট্টগ্রামে সেপটিক ট্যাংক থেকে নারীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের নাসিরাবাদ হাউসিং সোসাইটির একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ পচতে শুরু করেছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার বিকেলে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, হাউসিং সোসাইটির ৬ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির সেপটিক ট্যাংক থেকে গতকাল আনুমানিক রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, বিকেলে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাড়িটির তত্ত্বাবধায়ক মরদেহ দেখতে পেয়ে থানায় জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।